বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডস্থ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে- পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও বাসার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাজ্ব আবুল বাশার আবু। তিনি বলেন, মানবাধিকার রক্ষা কোনো দিনের কর্মসূচি নয়—এটি প্রতিটি মুহূর্তে প্রতিটি মানুষের প্রতি দায়িত্ব। তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত নারী-পুরুষ ও শিশুদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বনফুল অ্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার ও ফাউন্ডেশনের উপদেষ্টা আমানুল আলম। তিনি বলেন, “মানবাধিকার বাস্তবায়নের মূল চাবিকাঠি হলো সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সহযোগিতা। সমাজে যারা পিছিয়ে আছে, তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার বহিঃপ্রকাশ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার মো. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম ওসমান গনি চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন— সিনিয়র সহ-সভাপতি মনজুর আহমেদ, সহ-সভাপতি মো. সেলিম উল্লাহ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফারহানা আফরোজ খানম, চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য এ কে এম নুরুল হুদা, দৈনিক বাংলাদেশ সমাচার-এর ক্রাইম রিপোর্টার এস. এম. মইনুদ্দিন, মানবাধিকার কর্মী নিলুপা ফারজানা, সমাজসেবক আলহাজ্ব মো. মাইন উদ্দিন, মানবাধিকার কর্মী আফতাব আলম, বিশিষ্ট সাংবাদিক নুর হোসেন, মানবাধিকার কর্মী নুরুল আজিম হিরু, সাংবাদিক মো. শামীম এবং সাংবাদিক মো. রাসেল প্রমুখ।
আলোচনা সভায় মানবাধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা, অসহায় মানুষের উন্নয়ন এবং মানবিক সমাজ গঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।