পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের শিবচরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের হামলায় আহত যুবক ইবনে সামাদ ২১ দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত ইবনে সামাদ শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সর্দারকান্দি গ্রামের কালাম সর্দারের ছেলে। তার মৃত্যর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে ও স্থানীয়রা প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে হামলা চালায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। নিহতের লাশ মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মে মঙ্গলবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে সরদার কান্দি গ্রামের কালাম সরদারের বাড়িতে হামলা চালায় মাদবর বাড়ির লোকজন। এসময় দুই পক্ষের সংঘর্ষে কালাম সরদার এর ছেলে ইবনে সামাদ (১৮), জুয়েল সরদার(৩৫) তার স্ত্রী ইরানী বেগম(৫৫), রাসেল মাদবর(৩৭) মাহমুদা বেগমসহ (৩০) উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা ও শিবচর হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭মে)সকালে ইবনে সামাদের মৃত্যু হয়। সামাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মাঝে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
শিবচর থানার পরিদর্শক তদন্ত মোঃ শাজাহান মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।