ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩

জিম্মিদের উদ্ধার
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ২.৪৮ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ২.৪৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 186685 জন

  • নিউজটি দেখেছেনঃ 186685 জন
সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩
গ্রাফিক- দৈনিক লাল সবুজ বাংলাদেশ।


চট্টগ্রাম শহরসংলগ্ন সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আব্দুল মোতালেব নামে র‌্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি র‌্যাবের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও তিন র‌্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন।


সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব সূত্র জানায়, অভিযানে অংশ নেওয়া একটি দলের ওপর স্থানীয় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে চারজন র‌্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন।


চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. সিরাজুল ইসলাম জানান, আহত তিন র‌্যাব সদস্যকে সন্ত্রাসীরা জিম্মি করলেও পরে তাদের উদ্ধার করা হয়। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে এবং তাঁদের অবস্থা গুরুতর।


ঘটনার পর জঙ্গল সলিমপুর এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি উঠেছে। তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত বড় ধরনের কোনো অভিযানের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় এবং রাত হয়ে যাওয়ায় তাৎক্ষণিক অভিযান চালানো সম্ভব হয়নি। তবে হামলাকারীদের ধরতে শিগগিরই অভিযান চালানো হবে।


এদিকে হামলার ঘটনায় নুরুল আমিন মনা (৩২) নামে এক আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে তিনি কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত কর্মকর্তার মৃত্যুতে বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ২.৪৮ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ২.৪৮ পূর্বাহ্ন