একের পর এক বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। তার পদত্যাগের দাবিতে সবধরনের খেলা বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা—এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সংগঠনটির নেতারা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।
সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, “আমরা এগুলো করতে বাধ্য হয়েছি। আমরা খেলার বিপক্ষে নই। কিন্তু সবকিছুর একটা সীমা আছে। সেই সীমা অতিক্রম করা হয়েছে। এটার মাধ্যমে শুধু একজন নয়, পুরো ক্রিকেট অঙ্গনকে অপমান করা হয়েছে। প্রত্যেকটি সেক্টরকে উনি (এম নাজমুল ইসলাম) অসম্মান করেছেন। ক্রিকেটের প্রতি তার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে আমাদের দাবি মেনে নিতে হবে।”
তিনি আরও বলেন, “আইসিসি ট্রফি জেতার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি সাফল্য ও সেক্টরকে উনি অস্বীকার করেছেন। বিশ্বকাপে খেলার কোনো মূল্যই তার কথায় পাওয়া যায় না। তার বক্তব্যে ক্রিকেটের প্রতি কোনো শ্রদ্ধা আমরা দেখিনি। তাই দীর্ঘদিন পর্যবেক্ষণের পরই এই অবস্থানে এসেছি।”
এ সময় উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বলেন, “সব ক্রিকেটার খেলার জন্য প্রস্তুত। আমরা কেউ খেলার বিপক্ষে নই। তবে আমাদের দাবি মানতে হবে। দাবি পূরণ না হলে আমরা মাঠে নামব না।”
সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি জানান, ক্রিকেটারদের সঙ্গে এখনো বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে বিসিবির পক্ষ থেকে খেলা চালু রাখার জন্য যোগাযোগ করা হলেও আগের মতো সময়ক্ষেপণের কৌশল নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মিঠুন বলেন, “ওনারা খেলার জন্য এপ্রোচ করছেন। কিন্তু আগের মতো সময় নিতে নিতে কোনো সমাধান নেই—এটাই আমরা আর চাই না। আমাদের অবস্থান আজকের নয়, অনেকদিনের পর্যবেক্ষণের ফল।”
কোয়াবের এই ঘোষণায় দেশের ক্রিকেটে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা তৈরি হয়েছে। এখন বিসিবির পরবর্তী অবস্থান ও সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেট অঙ্গন।