ঢাকা
খ্রিস্টাব্দ

দিপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা

ময়মনসিংহে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যা; ১২ আসামি তিন দিনের রিমান্ডে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ময়মনসিংহ
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৪.৫৩ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৪.৫৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 453209 জন

  • নিউজটি দেখেছেনঃ 453209 জন
ময়মনসিংহে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যা; ১২ আসামি তিন দিনের রিমান্ডে
ছবি: ভালুকায় পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেয়ার ঘটনায় স্বজনদের আহাজারি।

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেপ্তার ১২ আসামিকে তিন দিন করে রিমান্ড আদেশ দিয়েছে আদালত। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ৭ নম্বর আমলি আদালতের সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন গ্রেপ্তার ১২ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।


এরআগে, বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় 'ধর্ম অবমাননার' কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব।


রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আশিকুর রহমান (২৫) কাইয়ুম (২৫), মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬), মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) ও মো. নাজমুল (২১)।


চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক শেখ মোস্তাছিনুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, পুলিশ গ্রেপ্তার ১২ আসামিকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়। পরে বিচারক প্রত্যেককে তিন দিন করে রিমান্ড আদেশ দেন। এর আগে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদি হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত মোট ১২ জনকে গ্রেপ্তার করে র‍্যাব-পুলিশ।


গত বৃহস্পতিবার রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার কথিত অভিযোগে দিপুকে গণপিটুনি দেয় উত্তেজিত বিক্ষুব্ধ জনতা। পরে তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে রাত আড়াইটার দিকে অর্ধপোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।


ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। কেন ওই যুবককে পুলিশের হাতে না দিয়ে জনতার হাতে তুলে দেওয়া হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দীপুকে পুলিশের হাতে তুলে দিলে এমন নির্মম মৃত্যু হতো না।


নিহতের বাবা রবি চন্দ্র দাস ও বোন চম্পা দাসের দাবি করেন, তার কর্মক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে দিপুকে মিথ্যা অপবাদে হত্যা করা হয়েছে। তাদের দাবি, দিপু শিক্ষিত এবং সচেতন ছিলেন, তিনি এমন কাজ (ধর্ম অবমাননা) করতে পারেন না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।


নিহত দিপু চন্দ্র দাস (২৮) জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে দিপু চন্দ্র দাস গার্মেন্টসে কাজ করছিলেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ময়মনসিংহ
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৪.৫৩ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৪.৫৫ পূর্বাহ্ন