চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমীন চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান। দীর্ঘদিন ধরে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচনী প্রচারণায় সক্রিয় এ প্রার্থী শুভেচ্ছা বার্তায় বিএনপি প্রার্থীর প্রতি সহমর্মিতা ও সৌহার্দ্যের বার্তা দিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এডভোকেট সাইফুর রহমান বলেন,
“অভিনন্দন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব নুরুল আমীন চেয়ারম্যান। আশাকরি অতীতের মতো সৌহার্দপূর্ণ পরিবেশে দুই ভাই মিরসরাইবাসীর কল্যাণে একসাথে কাজ করবো। জনগণকে অন্তত শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করবো। জনগণের রায়কে আল্লাহর উপর ভরসা রেখে মেনে নেবো। আজকের দিনে এ হোক জনগণের জন্য দুই ভাইয়ের প্রতিশ্রুতি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের বার্তা মাঠ পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। মিরসরাইয়ে বিএনপি ও জামায়াতের ঘনিষ্ঠ সম্পর্ক এবং সমন্বিত আন্দোলনের ইতিহাস থাকায় স্থানীয় নেতাকর্মী সমর্থকদের মধ্যে এ ঘটনার সাড়া পড়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম-১ আসনে বিএনপি ও জামায়াত উভয় দলের প্রার্থীরা ইতোমধ্যে নিজেদের প্রচার-প্রচারণা জোরদার করেছেন। শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিতের অঙ্গীকারের মধ্য দিয়ে এডভোকেট সাইফুর রহমানের এই বার্তাটি এলাকায় নতুন রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
কেন্দ্র ঘোষিত এই আসনে মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান দলের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। তিনি শান্তিপূর্ণভাবে দলীয় নেতাকর্মীদের ধৈর্য্য সহকারে থাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নির্দেশনা প্রদান করেন।
