চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আলমগীর (৪২)। তিনি পেশায় একজন সিএনজি চালক।
জানা যায়, সিএমপি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান প্রাং-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক রমিজ আহমদের নেতৃত্বে ডিবি (উত্তর) বিভাগের টিম নং-০২ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্র জানায়, ২১ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুয়াইশ কলেজ গেট এলাকা থেকে এক অস্ত্র ব্যবসায়ী সিএনজি যোগে পাঁচলাইশ থানাধীন বাদুরতলার দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বালুর টাল সংলগ্ন সিটি লাইটস পেট্রোল পাম্পের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
বিকেল ৪টা ৫ মিনিটের দিকে চট্ট মেট্রো-খ-১৩-১৪৯০ নম্বরের একটি সিএনজিকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সদস্যদের সহযোগিতায় সিএনজিটি আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে চালক মোঃ আলমগীর তার কাছে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেখানো মতে চালকের সিটের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পিস্তলের গায়ে ইংরেজিতে ‘7.65, 7 RND, MADE IN U.S.A, NO.111 KGF’ লেখা রয়েছে। অস্ত্র ও গুলি জব্দ তালিকা মূলে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।