ঢাকা
খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডে বাংলাদেশ, সরকারের প্রতিক্রিয়া: দুঃখজনক কিন্তু অস্বাভাবিক নয়

সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানতে যুক্তরাষ্ট্রে প্রবেশের বাধ্যবাধকতা
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

কুটনৈতিক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ৩.৩৬ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ৩.৫৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 262593 জন

  • নিউজটি দেখেছেনঃ 262593 জন
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডে বাংলাদেশ, সরকারের প্রতিক্রিয়া: দুঃখজনক কিন্তু অস্বাভাবিক নয়
-- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডে বাংলাদেশ, সরকারের প্রতিক্রিয়া: দুঃখজনক কিন্তু অস্বাভাবিক নয়।

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশসহ আরও ২৫টি দেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এতে করে ভিসা বন্ডের আওতাভুক্ত দেশের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮টিতে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে গত মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়। তবে, এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, সিদ্ধান্তটি দুঃখজনক হলেও এটিকে অস্বাভাবিক বলে মনে করেন না তিনি।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর (কয়েকটি ছাড়া) জন্য এ নিয়ম আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বন্ডের সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা


এর আগে গত বছরের আগস্টে প্রথম দফায় ছয়টি দেশকে ভিসা বন্ডের আওতায় আনা হয়। পরে আরও সাতটি দেশ যুক্ত হয়। সর্বশেষ এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে বাংলাদেশসহ আরও ২৫টি দেশের নাম তালিকায় যুক্ত করা হলো।


নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশ, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা, বেনিন, বুরুন্ডি, কেপভার্দে, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, আইভরি কোস্ট, কিরগিজিস্তান, নেপাল, নাইজেরিয়া, সেনেগাল, তাজিকিস্তান, টোগো, টোঙ্গা, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা ও জিম্বাবুয়ে।


ইতিপূর্বে তালিকাভুক্ত— ভুটান, বতসোয়ানা, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, গাম্বিয়া, গিনি, গিনি-বিসাউ, মালাউই, মৌরিতানিয়া, নামিবিয়া, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে, তানজানিয়া, তুর্কমেনিস্তান ও জাম্বিয়ার সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হলো।


নতুন নিয়ম অনুযায়ী, এসব দেশের ইস্যু করা পাসপোর্টধারীরা যদি  বি১/বি২ (ভ্রমণ ও ব্যবসা) ভিসার জন্য যোগ্য বিবেচিত হন, তবে ভিসা সাক্ষাৎকারের সময় তাঁদের ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলারের বন্ড জমা দিতে হবে। বন্ডের অঙ্ক নির্ধারণ করবেন সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তা। আবেদনকারীদের মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের আই-৩৫২ ফরম জমা দিতে হবে এবং মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম Pay.gov–এর মাধ্যমে শর্তে সম্মতি জানাতে হবে।


মার্কিন কর্মকর্তাদের দাবি, সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা যেন ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অতিরিক্ত সময় অবস্থান না করেন, তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বন্ড জমা দিলেই ভিসা পাওয়া নিশ্চিত হবে না। ভিসা আবেদন প্রত্যাখ্যাত হলে অথবা ভিসার সব শর্ত যথাযথভাবে পালন করলে ওই অর্থ ফেরত দেওয়া হবে।


এ ছাড়া নতুন নিয়মে ভিসা আবেদনকারীদের সশরীর সাক্ষাৎকারে অংশ নেওয়া, গত কয়েক বছরের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের ইতিহাস এবং নিজেদের ও পরিবারের সদস্যদের পূর্ববর্তী ভ্রমণ ও বসবাসের বিস্তারিত তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ভিসা পাওয়া ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বহির্গমনের ক্ষেত্রে নির্ধারিত কিছু বিমানবন্দর ব্যবহার করতে হবে। এর মধ্যে রয়েছে বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ও ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর।


এদিকে বাংলাদেশিদের ওপর ভিসা বন্ড আরোপকে ‘দুঃখজনক তবে অস্বাভাবিক নয়’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটা শুধু বাংলাদেশের জন্য নয়। যেসব দেশের অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্রের সমস্যা রয়েছে, সেসব দেশের ওপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”


তিনি আরও বলেন, “অবশ্যই এটি আমাদের জন্য কষ্টকর। তবে অনিয়মিত অভিবাসন বন্ধ করতে না পারলে এ ধরনের সিদ্ধান্ত এড়ানো সম্ভব নয়।” পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি নিয়ে সরকার কূটনৈতিক পদ্ধতিতে আলোচনা করবে এবং বাংলাদেশকে এ তালিকা থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হবে।


নতুন এ সিদ্ধান্তের ফলে অনেক দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা পাওয়া আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

কুটনৈতিক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ৩.৩৬ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ৩.৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ