মাদারীপুরের শিবচর থানাধীন শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ এলাকায় ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাই মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। এ সময় লুন্ঠিত ইজিবাইক ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন কাদের।
তিনি জানান, মামলার বাদী মোঃ সাব্বির ফরাজী প্রতিদিনের মতো গত ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টায় শিরুয়াইল বাজার থেকে নয়াবাজার যাত্রী নিয়ে যাওয়ার সময় সাদেকাবাদ এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার ইজিবাইক থামিয়ে তাকে ও যাত্রীকে জোরপূর্বক নামিয়ে মারধর করে। পরে তাদের দু’জনকে বেঁধে পাশের ক্ষেতে ফেলে রেখে ইজিবাইক ও তিনটি মোবাইল ফোন লুট করে নেয়।
ঘটনার পর আহত অবস্থায় বাদী পাশের বাড়ির এক ব্যক্তির ফোন থেকে তার চাচাকে খবর দেন। পরে তার চাচা এসে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করান।
চাঞ্চল্যকর এই ঘটনার পর সহকারী পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন কাদের তথ্য প্রযুক্তির সাহায্যে আসামীদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনার নির্দেশ দেন। তার নেতৃত্বে শিবচর থানার চৌকস টিম ঢাকা, ফরিদপুর ও শিবচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১. মোঃ ঠান্ডু হাওলাদার (৪০), পিতা মৃত মোকশেদ হাওলাদার, সাং-মানায়রচর হাজী নেওয়াজ খারকান্দি, থানা-সদরপুর, ফরিদপুর। তাকে ২১ নভেম্বর ভোর ৩টায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
২. সুরুজ খা (৩৮), পিতা মৃত মোসলেম খা, সাং-খাট চরমোনাই আমির খারকান্দি, থানা-সদরপুর, ফরিদপুর।
৩. সরাফ উদ্দিন (৪৫), পিতা আমিনুদ্দিন, সাং-শৌলা, ইউপি-দত্তপারা, শিবচর, মাদারীপুর।
গ্রেফতারকৃতদের দেখানো মতে বিভিন্ন স্থান থেকে লুন্ঠিত ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন কাদের জানান, উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।