চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে এক স্বতন্ত্র প্রার্থীসহ আরো দুই জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, বৈধতা পেয়েছে সাতজন প্রার্থী। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৭৮নং আসন। জানা যায় মনোনয়নপত্রে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের মধ্যে একজন মৃত ব্যক্তির স্বাক্ষর পাওয়ার কারণে নির্বাচনী বিধিমালা মোতাবেক তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।
জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ ছিদ্দিকির মনোনয়নপত্রে দাখিল করা ভোটারদের স্বাক্ষরের তালিকায় একজন মৃত ব্যক্তির নাম ও স্বাক্ষর পাওয়া যায়। বিষয়টি যাচাই করে নিশ্চিত হওয়ার পর তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী শহিদুল ইসলাম চৌধুরীর দলীয় মনোনয়ন না থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। অপরদিকে জাতীয় পার্টির (জাকের) প্রার্থী মোহাম্মদ এরশাদ উল্ল্যা নিজেই নিজের প্রস্তাবকারী হওয়ায় নির্বাচন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়।
এদিকে যাচাই-বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির সৈয়দ শাহাদাত হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) এ কে এম আবু ইউসুফ, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছাইফুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের রেজাউল করিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমদ চৌধুরী।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম-২ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৪ জানুয়ারির পর পরবর্তী চারদিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, চট্টগ্রাম-১ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন ১০ জন। যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বাতিল এবং সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।