News Link: https://dailylalsobujbd.com/news/3fL
চট্টগ্রামের মিরসরাইয়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী’ নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে এ উপলক্ষে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
২১ বছর পূর্তি উপলক্ষে প্রথমে মিরসরাই উপজেলা প্রেসক্লাবে কেক কাটা হয়। পরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশেষ প্রতিনিধি (মিরসরাই ও সীতাকুন্ড) অজয় কুমার দাশের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খাঁন, মিরসরাই উপজেলা প্রেস ক্লাব সাধারন সম্পাদক আনোয়ারুল হক নিজামী, দপ্তর সম্পাদক আবদুল মান্নান রানা, এনসিপির চট্টগ্রাম সংগঠক সোহরাব হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বৈশাখী টেলিভিশন মুক্ত ও স্বাধীন সংবাদচর্চা এবং মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আগামীতেও এই ধারা অব্যাহত রাখবে বৈশাখী টেলিভিশন।
অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।