News Link: https://dailylalsobujbd.com/news/3c0
বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা ও লাঞ্চনার ঘটনা দেশে নিয়মিতভাবে ঘটছে। বিভিন্ন স্থানে তাদের সম্মানহানি, হয়রানি ও হামলার অভিযোগ বেড়েই চলেছে। মুক্তিযোদ্ধা সমাজ বলছে, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এমন চক্রান্ত এখন নিয়মিত রূপ নিচ্ছে।
ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে প্রকাশ্যে লাঞ্ছিত করা, মুক্তিযোদ্ধা আবুল কালামকে অন্যায়ভাবে মামলা বিহীন গ্রেপ্তার ও মুক্তিযোদ্ধা পারভেজ খোকনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাজমুল ইসলাম বেগ।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল ইসলাম বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধাদের প্রকাশ্যে লাঞ্ছিত করার পিছনে স্বাধীনতাবিরোধী চক্র জড়িত থাকতে পারে।”
এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের শাস্তির দাবি করে তিনি বলেন, “অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় মুক্তিযোদ্ধারা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।”
এ সময় অন্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা কমান্ডের সদস্য সচিব আলহাজ আব্দুল খালেক মন্ডল, সদস্য এমদাদুল হক, গফরগাঁও থানা কমান্ডের আহ্বায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম বীর মুক্তিযোদ্ধা গাজী লাল মাহমুদ সরকার, আব্দুল খালেক আকন্দ, আব্দুর রহমান খান, আব্দুস সামাদ, হারুন অর রশিদ, মো. হেলাল উদ্দিন ঢালী, সাইফুল ইসলাম ও আব্দুল হক প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধা আব্দুল করিমের ছেলে, স্ত্রী, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।