সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আর নেই। শনিবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইউনাইটেড হসপিটাল লিমিটেডের জেনারেল ম্যানেজার (কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) ডা. মো. ফজলেরাব্বী খান জানান, সকাল ১০টার দিকে তাকে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আগেই মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ, তাকে হাসপাতাল কর্তৃপক্ষ ব্রট ডেড অবস্থায় পেয়েছে।
বর্তমানে তার মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী একমাত্র কন্যা দেশে ফিরলে জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করা হবে।
এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর মেয়াদে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। রাজনৈতিকভাবে অস্থির ও সংকটময় সময়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশনের স্বাধীনতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে দেশের প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।