ঢাকা
খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতির কাছে মালদ্বীপের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3885412 জন

  • নিউজটি দেখেছেনঃ 3885412 জন
রাষ্ট্রপতির কাছে মালদ্বীপের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আজ পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিনীন রশীদ। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসস’কে জানিয়েছেন, মালদ্বীপের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, বন্ধু প্রতিম মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। রাষ্ট্রপতি আশা করেন, আগামীতে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার হবে এবং ব্যবসা-বাণিজ্যের পরিধিও বৃদ্ধি পাবে।



রাষ্ট্র প্রধান মালদ্বীপে বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগ দেয়ায় সে দেশের সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা দু’দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে। তিনি মেডিকেল ও প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষার জন্য মালদ্বীপের শিক্ষার্থীরা বাংলাদেশকে বেছে নেয়ায় সন্তোষ প্রকাশ করেন।



মো. সাহাবুদ্দিন বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া, পাট, কৃষিজাত পণ্য ও সিরামিকসহ বিভিন্ন পণ্যের আমদানি বাড়াতে হাইকমিশনারকে তাঁর দেশের ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন। রাষ্ট্রপতি বলেন, সার্ক এবং ওআইসিসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ এবং মালদ্বীপ একে অপরকে সমর্থন করে। ভবিষ্যতে এই সহযোগিতা ও সমর্থন আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

মালদ্বীপের হাইকমিশনার বলেন, মালদ্বীপ বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নকে খুবই গুরুত্ব দেয়। তিনি তাঁর দেশের উন্নয়নে বাংলাদেশি জনশক্তির অবদান তুলে ধরেন।হাইকমিশনার দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আগামী দিনে বাংলাদেশের তাঁর দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। এরআগে মালদ্বীপের হাইকমিশনার বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি অশ্বরোহী চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।


এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন