বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার (২০ জানুয়ারি) নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকার কূটনৈতিক মিশন এবং সহকারী মিশনগুলোতে কর্মরত-কর্মকর্তাদের ওপর নির্ভরশীলদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের সব মিশনে পুরো মাত্রায় খোলা এবং কার্যকর থাকবে।
এই সিদ্ধান্তে কূটনৈতিক কার্যক্রম বা সেবায় কোনো প্রভাব পড়বে না। ঢাকার ভারতীয় হাইকমিশন ছাড়াও চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর ভারতীয় মিশনে কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশে দেশটির হাইকমিশন, সহকারী হাইকমিশন এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট সব দফতর যথারীতি খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রমও অব্যাহত থাকবে। তবে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আমলে নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটিতে কর্মরত সব ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তার পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে আনতে চাইছেন তারা।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা। তার মাত্র কয়েক সপ্তাহ আগে এ পদক্ষেপ নিল ভারত। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) জানিয়েছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ‘উগ্রপন্থি ও চরমপন্থি’ গোষ্ঠীর হুমকির প্রেক্ষিতে ভারতীয় কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত কিছুদিন ধরেই বিবেচনাধীন ছিল।
প্রতিবেদন অনুসারে, কূটনীতিকদের পরিবার কবে নাগাদ বাংলাদেশে ফিরতে পারবেন, সে বিষয়টি স্পষ্ট নয়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের সংখ্যা সম্পর্কেও বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হিন্দুস্তান টাইমসের তথ্যানুসারে, ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য অন্যতম কঠোর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিবেচিত। ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে থাকা পাকিস্তান বর্তমানে ‘নো চিলড্রেন’ পোস্টিং হিসেবে চিহ্নিত, যেখানে কর্মকর্তাদের স্ত্রীরা থাকতে পারলেও সন্তানদের জন্য অনুমতি নেই।