চট্টগ্রামের মিরসরাইয়ে বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের পরিবর্তে সামরিক শিল্পাঞ্চল (ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন) গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং বৈশ্বিক প্রতিরক্ষা উৎপাদন বাজারের সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ভারতীয় অর্থনৈতিক অঞ্চলকে জি-টু-জি (সরকার-টু-সরকার) কাঠামো থেকে বাদ দেওয়া হয়েছে। মিরসরাইয়ে ওই প্রকল্পের জন্য নির্ধারিত প্রায় ৮৫০ একর জমিকে বেজার মাস্টারপ্ল্যানে ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন’ হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চৌধুরী আশিক মাহমুদ বলেন, এই উদ্যোগের লক্ষ্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজের আদলে একাধিক রাষ্ট্রীয় কারখানা স্থাপন নয়। বরং বিদেশি অংশীদারদের সঙ্গে প্রযুক্তি বিনিময়, যৌথ উদ্যোগ এবং সক্ষমতা উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক প্রতিরক্ষা শিল্পভিত্তি গড়ে তোলাই মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এই শিল্পাঞ্চলে বেসরকারি খাতের অংশগ্রহণের সুযোগও রাখা হবে।
তিনি আরও জানান, এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। রাজনৈতিক পরিবর্তন হলেও প্রকল্পটির ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।